নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর,৬ ই আগস্ট ২০২৬ :- দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন পাণ্ডবেশ্বরের বহুলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ দলীয় নেতা বীর বাহাদুর সিং। বৃহস্পতিবার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের মধুপুর এলাকা থেকে অণ্ডাল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা, মারধর ও বাড়িঘর ভাঙচুরের একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন এই তৃণমূল নেতা। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই তিনি পুলিশি গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেছিলেন। দীর্ঘ তদন্ত ও গোপন সূত্রের খবরের ভিত্তিতে মধুপুরে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ভাইরাল ভিডিও ও দলের অন্দরে বিতর্ক
সম্প্রতি সামাজিক মাধ্যমে বীর বাহাদুর সিংয়ের একটি ভিডিও বার্তা প্রকাশ পাওয়ার পর পাণ্ডবেশ্বরের রাজনৈতিক অন্দরে প্রবল চর্চা শুরু হয়। ওই ভিডিও বার্তায় তিনি দলের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনের পর এলাকায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াননি নরেন্দ্রনাথ চক্রবর্তী।তবে বীর বাহাদুরের এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি স্থানীয় তৃণমূলের একাংশ। তাঁদের দাবি, দলে নিজের রাজনৈতিক অবস্থান বদলানো এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কাছাকাছি আসার কৌশল হিসেবেই তিনি দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন।
0 মন্তব্যসমূহ