সকাল ৯টা থেকেই স্থানীয় এলাকার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক মহিলা শুভম প্রকাশ সিংহকে রাখি পরাতে ভিড় জমান। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক বোনের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা উপহার ও মিষ্টি। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের বিপুল উপস্থিতি এই উৎসবকে এক ভিন্ন মাত্রা এনে দেয়, যা এলাকা জুড়ে সম্প্রীতির এক আবহাওয়া তৈরি করে।
রাখি পরানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক শুভম প্রকাশ সিংহ জানান, "আজ প্রায় ২০০ জন বোনের কাছ থেকে আশীর্বাদ ও স্নেহ লাভ করলাম। আমরা বোনেদের এই আশ্বস্ত করতে চাই যে তারা সমাজে মাথা উঁচু করে ও নির্ভয়ে চলাফেরা করতে পারবেন। মা-বোনেদের পূর্ণ সুরক্ষা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোই আমাদের দলের মূল লক্ষ্য "। সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি আরও যুক্ত করেন, "আজ সংখ্যালঘু বোনেরাও এসে আমাকে রাখি বেঁধেছেন। দল-মত-ধর্ম নির্বিশেষে বিজেপি সবার সুরক্ষায় বিশ্বাসী। যে সমস্ত বোনেরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে চান, বিজেপি পরিবার সর্বদা তাদের সঙ্গে থাকবে।" উৎসবকে কেন্দ্র করে দিনভর বেনাচিতি এলাকায় উৎসবমুখর পরিবেশ বজায় ছিল। আয়োজকদের দাবি, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং নারী নিরাপত্তার অধিকারকে সুদৃঢ় করতেই তাঁদের এই উদ্যোগ।
0 মন্তব্যসমূহ