বিশেষ সংবাদদাতা, দুর্গাপুর, ২৩শে আগস্ট ২০২৬: ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের (MSME) ব্যবসার প্রসার ও নতুন বাজারের সন্ধান দিতে এক বিশেষ উদ্যোগ গৃহীত হলো সিটি সেন্টারের পলাশডিহায় অবস্থিত “দুর্গাপুর হাট”-এ। দীর্ঘদিনের এক সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রয়াসকে বাস্তবে রূপ দিতে শনিবার এখানে আয়োজিত হলো "Vendor Development Programme cum Exhibition for MSME"।এদিনের এই মেলা ও প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল শুধু হস্তশিল্প বা শিল্পপণ্য প্রদর্শন করা নয়, বরং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন বাণিজ্যিক সুযোগ, সরকারি সহায়তা প্রদান এবং বড় শিল্পসংস্থাগুলির সঙ্গে সংযোগ স্থাপনের পথ সুগম করা। বিশেষ করে নতুন ভেন্ডর রেজিস্ট্রেশন এবং সরকারি সুযোগ-সুবিধা সরাসরি উদ্যোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রদীপ জ্বালিয়ে কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং পশ্চিমবঙ্গের আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতি কলিতা মাঝি। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জী ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই সহ অন্যান্য সতীর্থ বিধায়কেরা।অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "MSME খাত হলো দেশের অর্থনীতির চালিকাশক্তি। এই ধরণের প্রদর্শনী ও ভেন্ডর ডেভেলপমেন্ট প্রোগ্রাম ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকার রসদ যোগাবে। স্থানীয় পণ্যকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।"অনুষ্ঠানে MSME দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। তাঁরা উপস্থিত উদ্যোক্তাদের সরকারি বিভিন্ন প্রকল্প, ঋণ সহায়তা এবং ভেন্ডর এনলিস্টমেন্ট সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে বিশদে তথ্য প্রদান করেন। এলাকার ক্ষুদ্র শিল্পপতি ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই উদ্যোগে ব্যাপক উৎসাহ দেখিয়েছেন। আয়োজকদের আশা, এই প্রদর্শনীর মাধ্যমে শিল্পনগরী দুর্গাপুর ও সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র শিল্পক্ষেত্রে এক নতুন জোয়ার আসবে।
0 মন্তব্যসমূহ