নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর, ১৩ ই জুলাই ২০২৬ :- ডিএসপি-এএসপি সংযুক্তিকরণে ক্ষুব্ধ শ্রমিকেরা, আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শ্রমিকদের একাংশ। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) ও অ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি)-এর সম্ভাব্য সংযুক্তিকরণ এবং কেন্দ্রের নতুন চারটি শ্রম আইনের বিরুদ্ধে এবার জোরদার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন। রবিবার দুর্গাপুরে ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সংগঠনের রাজ্য সভাপতি কামরুজ্জামান কামার কেন্দ্রের শ্রমনীতির তীব্র সমালোচনা করেন।নেতৃত্বের দাবি, আগামী কয়েক মাসের মধ্যে দুই কারখানার সংযুক্তিকরণ হতে চললেও, প্রতিশ্রুতি মতন আধুনিকীকরণের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। কেন্দ্রের নতুন উন্নয়নমূলক স্কিমকে স্বাগত জানালেও শ্রমিক স্বার্থ যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেদিকে কড়া নজর রাখা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, পুরনো ২৯টি শ্রম আইন বাতিল করে নতুন চারটি লেবার কোড আনার ফলে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার ও আন্দোলনের পরিসর মারাত্মকভাবে সংকুচিত হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। শ্রমিকদের নায্য অধিকার ও কারখানার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আগামী দিনে প্রয়োজনে আরও বৃহত্তর এবং তীব্র আন্দোলনের পথে হাঁটার স্পষ্ট বার্তা দিয়েছে আইএনটিইউসি নেতৃত্ব।
0 মন্তব্যসমূহ